দীর্ঘমেয়াদি বাসিন্দাদের ইইউ পারমিট — অনেকে এখনো বলেন ‘কার্তা দি সোজর্নো’ — মেয়াদহীন: প্রাপ্তবয়স্কদের নথি ১০ বছর পরপর, অপ্রাপ্তবয়স্কদের ৫ বছর পরপর হালনাগাদ হয়, কিন্তু মর্যাদা থেকে যায়। ইতালির শ্রম মন্ত্রণালয়ের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী বৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে মাত্র ৪১.৭% এটি পেয়েছেন, যেখানে অ-ইইউ নাগরিকদের গড় ৫২.৮%।
শর্তসমূহ
- বৈধ পারমিটে পাঁচ বছর বসবাস। একটানা ছয় মাসের বেশি, বা পাঁচ বছরে মোট দশ মাসের বেশি অনুপস্থিতি থাকলে সময়কাল ভেঙে যায় — নথিভুক্ত গুরুতর কারণ ছাড়া।
- অন্তত সামাজিক ভাতার (আস্সেন্যো সোচালে) সমান আয়: ২০২৬ সালে মাসে ৫৪৬.২৪ ইউরো, অর্থাৎ বছরে ৭,১০১.১২ ইউরো। পরিবারের সদস্যদের জন্যও আবেদন করলে সীমা বাড়ে।
- A2 মানের ইতালীয় ভাষা, পরীক্ষা বা সনদের মাধ্যমে (ইতালীয় শিক্ষাসনদ থাকলে ছাড়সহ কিছু ব্যতিক্রম আছে)।
- পরিবারের জন্য কমুনের প্রত্যয়িত উপযুক্ত বাসস্থান।
আবেদন পদ্ধতি
পোস্টাল কিটের মাধ্যমে, ১৩০.৪৬ ইউরোর বোল্লেত্তিনো, ৩০ ইউরো ডাকমাশুল ও ১৬ ইউরোর রাজস্ব স্ট্যাম্পসহ।
কেন লাভজনক
- প্রতি এক-দুই বছরে আর নবায়নের ঝামেলা নেই।
- বেশি সামাজিক সুবিধা পাওয়া যায়; বেশ কিছু ভাতার জন্য এটি শর্ত।
- নির্দিষ্ট শর্তে অন্য ইইউ দেশে কাজ বা পড়াশোনার জন্য থাকা যায়।




